বাংলা কিউআর হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালু করা একটি সমন্বিত (ইন্টারঅপারেবল) জাতীয় কুইক রেসপন্স (কিউআর) পেমেন্ট মান।
এটি এমন একটি কিউআর কোড, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারীর গ্রাহকরা একই প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।
বাংলা কিউআর চালুর আগে অনেক ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করত। ফলে কোনো দোকানে পেমেন্ট করতে গেলে গ্রাহকদের সেই নির্দিষ্ট সেবাদাতার অ্যাপ থাকা বাধ্যতামূলক ছিল।
কিন্তু বাংলা কিউআর ব্যবস্থায় একজন ব্যবসায়ীকে শুধু একটি কিউআর কোড ব্যবহার করতে হয়। গ্রাহকরা সেটি স্ক্যান করে যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন।
উদাহরণ হিসেবে বিকাশ, নগদ বা কোনো ব্যাংকিং অ্যাপ—সবগুলো দিয়েই একই বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলা কিউআর চালুর ফলে—দোকানে একাধিক কিউআর কোড ব্যবহারের প্রয়োজন কমবে
সারাদেশে ডিজিটাল লেনদেন বাড়বে; ব্যবসায়ীদের খরচ কমবে; আর্থিক খাতে আন্তঃসংযোগ (ইন্টারঅপরেবিলিটি) উন্নত হবে।
এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতায় তৈরি করা হয়েছে, যাতে ধীরে ধীরে বিভিন্ন ব্যাংক ও এমএফএসের আলাদা কিউআর কোডের পরিবর্তে একটি একক মান চালু করা যায়। এর প্রাথমিক বাস্তবায়ন শুরু হয় ২০২০–২০২১ সালের দিকে।
এদিকে ১ এপ্রিল বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে, ৩০ জুনের মধ্যে দোকান পর্যায়ে তাদের নিজস্ব কিউআর কোড তুলে দিয়ে বাংলা কিউআর চালু করতে হবে। অন্যথায় সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।













