ঢাকা || ০৫ ফেব্রুয়ারি ২০২৬

অগ্রণ ব্যাংকের ২ হাজার ৫০২ কোটি টাকা পরিচালন মুনাফা

অগ্রণ ব্যাংকের ২ হাজার ৫০২ কোটি টাকা পরিচালন মুনাফা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক ২০২৫ সালে রেকর্ড ২ হাজার ৫০২ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। আগের বছরের তুলনায় যা ৯৯১ কোটি টাকা বা প্রায় ৬৬ শতাংশ বেশি। একই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে ৩ হাজার ৩৮৭ কোটি টাকা।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অগ্রণী ব্যাংকের ইতিহাসে এটি সর্বোচ্চ পরিচালন মুনাফা।

এমডি জানান, ঋণ আদায় কার্যক্রম জোরদারের ফলে ২০২৫ সালের শেষে খেলাপি ঋণ কমে ২৮ হাজার ৬১৬ কোটি টাকায় নেমে এসেছে, যা মোট ঋণের ৩৫ দশমিক ৫২ শতাংশ। এক বছর আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ২ কোটি টাকা, যা মোট ঋণের ৪০ দশমিক ৪৯ শতাংশ।

তার মতে, গত বছর মোট ১০ হাজার ২৩৪ কোটি টাকা ঋণ আদায় করা হয়েছে। আগের বছর আদায়ের পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৭২৬ কোটি টাকা। আদায়ের এই প্রবৃদ্ধি ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।

আদায়ের খাতভিত্তিক চিত্র তুলে ধরে এমডি বলেন, এর মধ্যে ১ হাজার ৯ কোটি টাকা নগদ আদায়, ৮৫৭ কোটি টাকা অবলোপন, ৭৯ কোটি টাকা অবলোপনকৃত ঋণ থেকে পুনরুদ্ধার এবং ৮ হাজার ৩৬৮ কোটি টাকা পুনঃতপশিলের মাধ্যমে আদায় হয়েছে।

চলতি বছরে আরও জোরালো আদায় কার্যক্রমের মাধ্যমে ১২ হাজার ২০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে খেলাপি ঋণের হার ২০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে অগ্রণী ব্যাংকের আমানত ছিল ৯৯ হাজার ২৩২ কোটি টাকা। ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৪ কোটি টাকায়। এক বছরে ব্যাংকটির আমানত বেড়েছে ১৩ হাজার ৮৩২ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকের ঋণ বিতরণ ১ হাজার ৫৩৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৭৩ কোটি টাকায়। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে আমদানি কার্যক্রম ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান এমডি। তবে রপ্তানি আয় সামান্য কমেছে বলে স্বীকার করেন তিনি।

ব্যাংক ব্যবস্থাপনা আশা প্রকাশ করেছে, চলতি বছরে ঋণ আদায় ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় থাকলে অগ্রণী ব্যাংকের আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে।

city-bank
city-bank