আইএফআইসি ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরও সুসংহত ও গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে। পাশাপাশি গ্রাহকদের সহজ, দ্রুত ও কার্যকর সেবা দিতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্ক চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন এবং ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ শীর্ষক স্লোগান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি শাখা ও উপশাখায় সেবার ডেস্ক কার্যক্রমও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক, ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে স্লোগান, লোগো ও সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও চাহিদাভিত্তিক নতুন পণ্য আনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ক কাজে লাগিয়ে তরুণেরাই হবে এ খাতের সম্প্রসারণের চালিকা শক্তি। আমাদের লক্ষ্য, সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা।’











