ঢাকা || ১২ এপ্রিল ২০২৬

ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা, না মানলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা, না মানলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০০:২০, ১৩ এপ্রিল ২০২৬

ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও নির্বিঘ্ন নগদ লেনদেন নিশ্চিত করতে সব ব্যাংকের প্রতিটি শাখাকে বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত নোট গ্রহণ ও বিনিময় সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫ এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য রয়েছে, যা সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে বিশেষ কাউন্টার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কাউন্টারের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট নিয়মিত গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময় করতে হবে।

এছাড়া কোনো ব্যাংক শাখা এ ধরনের সেবা দিতে গড়িমসি বা অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব ব্যাংককে তা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

city-bank
city-bank