ঢাকা || ০৩ জুন ২০২৬

ট্রেড ফাইন্যান্সে সেরা সেবার স্বীকৃতি পেল এইচএসবিসি

ট্রেড ফাইন্যান্সে সেরা সেবার স্বীকৃতি পেল এইচএসবিসি

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:৪৩, ৩ জুন ২০২৬

দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ, দি অ্যাসেট ট্রিপল এ ট্রেজারাইজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ‘বেস্ট সার্ভিস প্রোভাইডার ইন ট্রেড ফাইন্যান্স’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ট্রেজারি, ট্রেড, সাপ্লাই চেইন এবং ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবাখাতে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার কর্মসূচিতে অর্জিত এ স্বীকৃতি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী ও কার্যকর ট্রেড ফাইন্যান্স সমাধান প্রদানে এইচএসবিসি বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রতিফলন। এটি গ্রাহকদের জটিল বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত হতে সহায়তা করছে।

বাংলাদেশে এই স্বীকৃতির পাশাপাশি এইচএসবিসি এশিয়ার বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় বাজারেও একাধিক সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ‘বেস্ট সার্ভিস প্রোভাইডার- ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ট্রেড ফাইন্যান্স’, ‘বেস্ট ইন ট্রেজারি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল- নিউ ইকোনমি’ এবং ‘এডিটরস ট্রিপল স্টার ফর টোকেনাইজড ডিপোজিট সার্ভিস’ পুরস্কার। এছাড়া আন্তর্জাতিক বাজারে ট্রেড ফাইন্যান্স খাতে থাইল্যান্ড ও ভিয়েতনাম, সাপ্লাই চেইন ফাইন্যান্সে ফিলিপাইন, লিকুইডিটি ম্যানেজমেন্টে ইন্দোনেশিয়া এবং অন্যান্য বিভিন্ন বিভাগে স্বীকৃতি অর্জন করেছে এইচএসবিসি।

এই অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, “পণ্য সহজেই অনুকরণ করা সম্ভব হলেও সেবার উৎকর্ষতাই একটি প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই পুরস্কার আমাদের সহকর্মীদের নিষ্ঠা, গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের মনোযোগ এবং বাংলাদেশসহ বৈশ্বিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

এই স্বীকৃতি সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান আহমদ রাবিউল হাসান বলেন, “বাংলাদেশের সেরা ট্রেড ফাইন্যান্স সেবা প্রদানকারী হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা গ্রাহকদের জন্য গতি, নিশ্চয়তা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কাজ করছি, যাতে তারা বিভিন্ন বাজার ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে নির্বিঘ্নে বাণিজ্য পরিচালনা করতে পারেন। গ্রাহকদের ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য আমরা ভবিষ্যতেও বিশ্বমানের সেবা ও সমাধান চালু করতে বিনিয়োগ অব্যাহত রাখবো।”

এই পুরস্কারটি বিভিন্ন শিল্পখাতের গ্রাহকদের জন্য বৈশ্বিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে নেপথ্যে কাজ করা এইচএসবিসির সহকর্মীদের নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি। একইসঙ্গে এটি বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী ও পুরস্কারপ্রাপ্ত ব্যাংকিং সেবা প্রদানে এইচএসবিসির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।