জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ উন্নয়ন ও পুষ্টি খাতে সমন্বিত অগ্রগতি আনতে ‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলেন্ট অ্যান্ড ইনভারঅনমেন্টাল এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড নিউট্রিশন’ প্রকল্প বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে সাবসিডিয়ারি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে পিকেএসএফ।
আজ বাংলাদেশ সচিবালয়ে পিকেএসএফ-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোছাঃ নাজনীন সুলতানা।
এ প্রকল্পে বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে। দারিদ্র্য প্রবণতা, জলবায়ু ঝুঁকি ও কৃষি সম্ভাবনার ভিত্তিতে দেশের কিছু অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ এ প্রকল্পের আওতায় আসবে। এর মধ্যে থাকবে দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখা, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষির বিস্তার, গ্রামীণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।















