ঢাকা || ১৫ জুলাই ২০২৬

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদে ফিরলেন পুরোনো উদ্যোক্তারা

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদে ফিরলেন পুরোনো উদ্যোক্তারা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০১:৩১, ১৬ জুলাই ২০২৬

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পুরোনো উদ্যোক্তা–শেয়ারধারীদের ফিরিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দায়িত্বে থাকা পরিচালকদের পাশাপাশি উদ্যোক্তা–শেয়ারধারীদের মধ্য থেকে ১৪ জনকে অন্তর্ভুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বুধবার এ–সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় উদ্যোক্তা–শেয়ারধারীদের পর্ষদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ার কারণে আগের উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সেসব ব্যাংকের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে পর্ষদে যুক্ত হওয়া ১৪ সদস্য হলেন—বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন ১৪ সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯।

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের (এস আলম) ভাই আবদুস সালাম লাবু।

২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সে সময় পর্ষদের অন্য সদস্য ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পুনর্গঠিত ১৯ সদস্যের পরিচালনা পর্ষদ তাদের মধ্য থেকেই নতুন চেয়ারম্যান নির্বাচন করবে।