বিশ্ববাজারে সোনা ও রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। এতে সোনার দামে ফের বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এক লাফে ভরিতে সর্বোচ্চ পাঁচ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে দুই লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়। নতুন এই দর মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও আবার রেকর্ড করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম সাত হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা ধার্য করা হয়েছে।














