বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের উদ্যোগকে কার্যকরী ও সফল করে তুলতে দেশের সব প্রান্তে ছোট বড় মিলিয়ে ৮ লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআর-এ প্রতিস্থাপন করেছে বিকাশ। বাড়তি লোকবল ও বিনিয়োগ করে বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেয়া সময়ের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলা কিউ আর প্রতিস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
ফলে, গ্রাহকের জন্য বিকাশ সহ যেকোন ওয়ালেট থেকেই ক্যাশলেস পেমেন্টের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। মার্চেন্ট পেমেন্ট সম্প্রসারণের সফল এই উদ্যোগে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি পেমেন্ট হচ্ছে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর মার্চেন্ট দিয়ে।
ছোট মুদি দোকান থেকে শুরু করে, লাইফস্টাইল পণ্য, ঔষধ সামগ্রী, হোটেল রেস্টুরেন্টসহ বড় সব সুপারশপ ও লাইফস্টাইল চেইন শপে এখন বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর কোড স্ক্যান করে স্বাচ্ছন্দ্যে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।
সবচেয়ে বেশী মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড বসানো এবং তার রক্ষণাবেক্ষণে বিকাশের সক্ষমতা ও বিনিয়োগ, দেশে ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেম শক্তিশালী করতে ভূমিকা রাখছে এবং সরকারের ক্যাশলেস অভিযাত্রায় প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।
কেবল বাংলা কিউআর প্রতিস্থাপন নয়, ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করে তুলতে সারাদেশের ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ অফার চালু করেছে বিকাশ। এই অফারের আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার মাধ্যমে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন অর্জন করতে পারছেন।
মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতেও বহুমুখী পদক্ষেপ নিয়েছে বিকাশ। পেমেন্ট গ্রহণের সময় কমাতে দেশে প্রথমবারের মত ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ স্থাপন করেছে বিকাশ- যা গ্রাহক এবং মার্চেন্ট, উভয়ের জন্যই ডিজিটাল পেমেন্টকে আরো নিরাপদ ও সময় সাশ্রয়ী করেছে।
পাশাপাশি, পরীক্ষামূলকভাবে ব্র্যাক ব্যাংকের সাথে যৌথভাবে মার্চেন্টদের জন্য স্বল্পমেয়াদী, তাৎক্ষণিক ঋণ সুবিধা চালু করেছে বিকাশ। এই সেবার আওতায়, মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুসারে মার্চেন্টরা তাৎক্ষণিক ডিজিটাল ঋণ সুবিধা নিতে পারবেন।
দেশের মানুষকে ডিজিটাল পেমেন্টে কেনাকাটায় উৎসাহিত করার জন্য বছরব্যাপী ছাড়, ক্যাশব্যাক সহ নানা অফার দিয়ে আসছে বিকাশ। এতে গ্রাহকদের অভ্যস্ততা ও অংশগ্রহণ বাড়ার ফলে প্রতিবছরই আশাব্যঞ্জক হারে বাড়ছে ক্যাশলেস পেমেন্টের পরিধি।














