ঢাকা || ১১ নভেম্বর ২০২৬

৭ হাজার সন্দেহজনক অ্যাকাউন্ট, জবাবদিহির মুখে বিকাশ

৭ হাজার সন্দেহজনক অ্যাকাউন্ট, জবাবদিহির মুখে বিকাশ

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০৮:৩১, ১১ নভেম্বর ২০২৬

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক বা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত উল্লেখ রয়েছে। এ ছাড়া অনেক অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রায় লেনদেনের তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে কেন বিকাশকে জরিমানা করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন। গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারার আওতায় বিকাশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশিকা দেশের সব ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), এমএফএস প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করলে নিয়মিতভাবে ব্যাংক, এনবিএফআই ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট সার্কুলার বা আইনে জরিমানার বিধান থাকতে হয়। এ ধরনের জরিমানা নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতে আরোপ করা হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর লক্ষ্য বাধাগ্রস্ত করার কোনো সাধারণ অভিযোগের সঙ্গে এর সম্পর্ক নেই।

তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো জরিমানা আরোপ করা হয়নি। ব্যাখ্যা চাওয়া হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। বিকাশের জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বাজি এবং ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার প্রবণতা বাড়ছে। এসব কর্মকাণ্ডের বড় অংশই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এদিকে বিকাশের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় নির্ধারিত গ্রাহক যথাযথ যাচাই (সিডিডি) প্রক্রিয়া অনুসরণ করে ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসির মাধ্যমে বিকাশের সব অ্যাকাউন্ট খোলা হয়। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারের সঙ্গে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি বলেন, ই-কেওয়াইসি প্রক্রিয়ায় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে এনআইডিতে থাকা তথ্য হুবহু সংগ্রহ করা হয়। পাশাপাশি ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়। ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হয়। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ কেবল সংশ্লিষ্ট গ্রাহকের রয়েছে।

শামসুদ্দিন হায়দার  ডালিম বলেন, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখসংক্রান্ত ভুলের কারণে এমনটি হয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর অনুরোধ করা হয়েছে, যাতে কেওয়াইসি রেকর্ড হালনাগাদ করা যায়।

কাগজভিত্তিক কেওয়াইসির কিছু ক্ষেত্রে হাতে তথ্য এন্ট্রি দেওয়ার সময় জন্মসালের ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

 ডালিম আরও বলেন, সন্দেহজনক হিসেবে চিহ্নিত সব অ্যাকাউন্টকে বর্ধিত যাচাই (এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স—ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসির যৌথ উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।