ঢাকা || ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে নতুন লেনদেন সূচি

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে নতুন লেনদেন সূচি

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১৫:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রতি বছরের ধারাবাহিকতায় আসন্ন রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন শেষে অফিসের আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত।

গত মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের পাশাপাশি রমজানে শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আসছে। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন চলে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে জানানো হয়েছে, রমজান মাসে প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির মধ্যেও সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, রমজান শেষে আবার আগের নির্ধারিত সূচি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের লেনদেন ও অফিস কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজানে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিও হবে নতুন সূচি অনুযায়ী। দু–একদিনের মধ্যে ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।