এক অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বিলসহ মোট ৩৮ ধরনের পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকেরা অ্যাপ থেকে সব ধরনের ব্যাংকিং সেবাও নিতে পারবেন।
‘ইউসিবি ওয়ান’ নামে নতুন এই অ্যাপ চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ইউসিবির পুরোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘ইউনেট’-এর পরিবর্তে নতুন এই অ্যাপ চালু করা হয়েছে।
এ ছাড়া নতুন এই প্ল্যাটফর্মে ব্যাংকের আগের চারটি অ্যাপ ও ওয়েব অ্যাপ—উপায়, ইউসিবি অ্যাসেট, ইউসিবি স্টক এবং ইউসিবি ইনভেস্টমেন্ট একসঙ্গে ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। ইউসিবি ওয়ান অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক হিসাব খোলার সুবিধা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্টসহ নানা সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকেরা।
অ্যাপটির মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধাও থাকছে। ব্যাংকিংয়ের বাইরে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার অর্ডার, পেমেন্ট, ভ্রমণ বুকিং, টিকিট সুবিধা এবং বিশেষ অফার উপভোগ করা যাবে। এ ছাড়া অ্যাপটিতে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে লগইন করার সুবিধাও রয়েছে।
গতকাল রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই অ্যাপের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনসহ ব্যবসায়ী, অংশীদার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই অ্যাপে ভবিষ্যতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে দেশের মধ্যে ইউসিবি প্রথম ওরাকলের ওপেন এপিআইয়ের সর্বাধুনিক সংস্করণ ব্যবহার শুরু করেছে। এর মাধ্যমে অ্যাপের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইউসিবি ওয়ান অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের নাগরিকদের জন্য ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল ওয়ালেটের দিকে এগোচ্ছে সরকার। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রিপরিষদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও হচ্ছে।
কৃষক কার্ডকে ব্যাংক কার্ডে রূপান্তর করা হবে। তফসিলি ব্যাংকের মাধ্যমে এই কার্ড প্রদান করা হবে, যাতে গ্রাহক সম্মানজনক সেবা পান। এই কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ নির্দিষ্ট কাজেই ব্যবহার করা যাবে। এর সঙ্গে অতিরিক্ত আরও ১০টি সেবা যুক্ত থাকবে। সরকারের প্রতিশ্রুতি, দেশের প্রত্যেক নাগরিককে একটি করে ব্যাংক হিসাব নিশ্চিত করা।
অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর বলেন, নতুন এই অ্যাপ শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি অর্থনৈতিক রূপান্তরের উদ্যোগ। এই অ্যাপে ব্যাংকিং, পেমেন্ট, বাণিজ্য ও দৈনন্দিন আর্থিক সেবা একত্র করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ব্যাংকিংয়ের পেছনে কম সময় ব্যয় করবেন এবং তাঁদের জীবনে বেশি সময় দিতে পারবেন।













