ঢাকা || ০৭ মার্চ ২০২৬

ন্যানো লোন ও আর্নড ওয়েজ অ্যাক্সেস বাজারের দ্রুত সম্প্রসারণ

ন্যানো লোন ও আর্নড ওয়েজ অ্যাক্সেস বাজারের দ্রুত সম্প্রসারণ

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:৩০, ৭ মার্চ ২০২৬

বাংলাদেশে ন্যানো লোন এবং আর্নড ওয়েজ অ্যাক্সেস  বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ডিজিটাল পে-রোল ব্যবস্থা বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ফিনটেক প্রযুক্তির প্রসারের ফলে স্বল্প আয়ের শ্রমিকদের মধ্যে স্বল্পমেয়াদি অর্থের চাহিদা বাড়ছে।

স্বল্প পরিমাণের এই অগ্রিম ঋণ সাধারণত ৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং অনেক শ্রমিক বেতন পাওয়ার আগ পর্যন্ত নগদ সংকট মোকাবিলার জন্য এটি ব্যবহার করেন।

ব্যাংকগুলোর ন্যানো লোন সুবিধা

বাংলাদেশের বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক ইতিমধ্যে এই খাতে প্রবেশ করেছে এবং তারা তুলনামূলক স্বচ্ছ ও নিয়ন্ত্রিত সুদের হার নির্ধারণ করেছে।

ব্র্যাক ব্যাংক তাদের সাফল্য আরএমজি সুবিধার মাধ্যমে বছরে ১৬ শতাংশ সুদে ন্যানো লোন দেয়। ফলে ১০,০০০ টাকার ঋণে বছরে প্রায় ১,৬০০ টাকা সুদ দিতে হয়।

ঢাক ব্যাংক বছরে ৯ শতাংশ সুদ এবং ০.৫ শতাংশ প্রসেসিং ফি নিয়ে ন্যানো লোন দেয়। এতে ১০,০০০ টাকার ঋণে বছরে মোট খরচ প্রায় ৯৫০ টাকা হয়।

ব্যাংক এশিয়া মোবাইল অ্যাপের মাধ্যমে প্রায় ৯ শতাংশ বার্ষিক সুদে সর্বোচ্চ ছয় মাস মেয়াদি ন্যানো লোন দেয় এবং আবেদন ও পরিশোধ পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়।

ফিনটেক প্ল্যাটফর্মের সেবা

ফিনটেক পে-রোল প্ল্যাটফর্মগুলোও একই ধরনের সেবা চালু করেছে।

আগাম পে-রোল যুক্ত গ্রাহকদের কাছে ৯ শতাংশ সুদ ও ০.৫ শতাংশ প্রসেসিং ফি নেয়।

পে-রোল ছাড়া গ্রাহকদের জন্য ১৪ শতাংশ সুদ ও অতিরিক্ত ০.৫ শতাংশ প্রসেসিং ফি প্রযোজ্য।

এই মডেলটি মূলত প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মতোই, যেখানে গ্রাহকরা সহজেই সুদের হার এবং মোট পরিশোধযোগ্য অর্থ সম্পর্কে পরিষ্কার ধারণা পান।

দ্রুত বৃদ্ধির পেছনে বৈশ্বিক প্রবণতা

বাংলাদেশে ন্যানো ক্রেডিট ও ওয়েজ অ্যাক্সেস সেবার দ্রুত বিস্তার আসলে একটি বৈশ্বিক প্রবণতার অংশ।

উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ইয়ারনিন এবং ডেইলি পে কর্মীদের বেতনের একটি অংশ নির্ধারিত বেতন দিবসের আগেই উত্তোলনের সুযোগ দেয়। এসব সেবায় সাধারণত প্রচলিত সুদের পরিবর্তে সাবস্ক্রিপশন ফি বা স্বেচ্ছা “টিপস” নেওয়া হয়।

অন্যদিকে যুক্তরাজ্যে ওয়েজ স্ট্রিম নিয়োগকর্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আগাম বেতন উত্তোলনের সুযোগ দেয় এবং সাধারণত একটি ছোট লেনদেন ফি নেয়।

উচ্চ কার্যকর সুদের ঝুঁকি

তবে বিশ্লেষকদের মতে, কিছু ন্যানো লোন প্ল্যাটফর্মের ফি কাঠামো প্রকৃত ঋণ ব্যয়কে অনেক বেশি করে তুলতে পারে।

উদাহরণস্বরূপ, ৫,০০০ টাকার অগ্রিমে যদি এক মাসের জন্য ১২০ টাকা ফি নেওয়া হয়, তাহলে মাসিক হার দাঁড়ায় প্রায় ২.৪ শতাংশ। এটি বার্ষিক হিসাবে ধরলে প্রায় ২৮.১ শতাংশ সুদের সমান হয়।

আর যদি একই অগ্রিম ১৫ দিনের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে কার্যকর বার্ষিক সুদের হার প্রায় ৬৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

স্ল্যাবভিত্তিক ফি কাঠামো

বাংলাদেশে পরিচালিত একটি প্ল্যাটফর্ম ওয়েজলি স্ল্যাবভিত্তিক ফি কাঠামো ব্যবহার করে।

এখানে—

৫০০ থেকে ৬,০০০ টাকা অগ্রিমে ফি: ১২০ টাকা

৬,০০০ থেকে ১০,০০০ টাকা অগ্রিমে ফি: ১৫০ টাকা

অর্থের পরিমাণ ছোট মনে হলেও, স্বল্প সময়ের জন্য নেওয়া হলে কার্যকর সুদের হার অনেক বেশি হয়ে যেতে পারে।

বিশ্লেষকদের মতামত

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যাংকের নিয়ন্ত্রিত ঋণের সুদের হার সাধারণত ৯ থেকে ১৬ শতাংশ বার্ষিক।

কিন্তু বারবার স্বল্পমেয়াদি ফি-ভিত্তিক অগ্রিম নেওয়ার ফলে শ্রমিকদের মোট ঋণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

বিকল্প মডেল

এদিকে কিছু প্ল্যাটফর্ম সুদভিত্তিক ঋণের বিকল্প মডেলও পরীক্ষা করছে।

যেমন— আপনবাজার এবং এ্রগ্রোশিফট।

এসব প্ল্যাটফর্মে সরাসরি সুদ না নিয়ে পণ্যের মূল্য বা সরবরাহ চেইনের মাধ্যমে অর্থায়নের খরচ সমন্বয় করা হয়।

নীতিমালা ও ভবিষ্যৎ

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং ফিনটেক উদ্ভাবনকে উৎসাহিত করলেও প্রচলিত ব্যাংকিং কাঠামোর বাইরে পরিচালিত ইডব্লিউএ ও ন্যানো-ক্রেডিট সেবার জন্য বিস্তারিত নীতিমালা এখনো সীমিত।

ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রকৃত সুদের হার প্রকাশ করা এবং ভোক্তা সুরক্ষা জোরদার করার জন্য নতুন নিয়ম-কানুন প্রণয়ন প্রয়োজন হতে পারে।

city-bank
city-bank