ঢাকা || ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২১:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দেশের তৈরি পোশাক শিল্পখাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

আজ বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাব-এর গলফ গার্ডেনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনার পরপরই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. শাহাদাত হোসেন এমপি (লক্ষ্মীপুর-১), মো. আব্দুল্লাহ্ এমপি (মুন্সীগঞ্জ-১), মো. লুৎফর রহমান এমপি (টাঙ্গাইল-৪), মো. আবুল কালাম এমপি (কুমিল্লা-৯), মো. খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩) এবং এরশাদ উল্লাহ এমপি (চট্টগ্রাম-৮)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন। এছাড়া বিজিএমইএর অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ সভাপতি ফুল ও ক্রেস্ট দিয়ে মাননীয় সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান নবনির্বাচিত সংসদ সদস্যদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, “পোশাক শিল্প পরিবারের সদস্যদের এই বিজয় সমগ্র খাতের বিজয়।” 

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদে এলাকার উন্নয়ন ও সমস্যার পাশাপাশি পোশাক শিল্পের বাস্তব চ্যালেঞ্জ, উদ্যোক্তাদের নিরন্তর সংগ্রাম এবং শিল্পবান্ধব নীতির প্রয়োজনীয়তা তুলে ধরবেন নবনির্বাচিত সাংসদরা। তিনি আরও বলেন, রপ্তানি বৈচিত্র্যকরণ, ব্যবসা সহজীকরণ, পরিচালন ব্যয় হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক স্বার্থে ন্যায়সংগত সিদ্ধান্তে সাংসদদের সক্রিয় ভূমিকা প্রত্যাশিত।

সংবর্ধিত সংসদ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মো. লুৎফর রহমান এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই দেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় এবং এই খাতকে আরও এগিয়ে নিতে পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।

স্বাগত বক্তব্যে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিজ্ঞতা শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

উল্লেখ্য, পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে মোট ১৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

city-bank
city-bank