ঢাকা || ০৭ জুন ২০২৬

ব্যাংকখাতে সর্বোচ্চ বেতন পান সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

ব্যাংকখাতে সর্বোচ্চ বেতন পান সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১৩:৫৮, ৭ জুন ২০২৬

দেশের বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পারিশ্রমিকের তালিকায় শীর্ষে রয়েছেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন। ২০২৫ অর্থবছরে তিনি মাসিক প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা এবং বছরে ৪ কোটি ৬৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, শীর্ষ ১০ ব্যাংকের এমডি ও সিইওদের মধ্যে পারিশ্রমিকে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। তিনি মাসিক ২৯ লাখ ৮০ হাজার টাকা এবং বছরে ৩ কোটি ৫৮ লাখ টাকা পেয়েছেন।

তৃতীয় স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিনের মাসিক পারিশ্রমিক ২৭ লাখ টাকা, যা বার্ষিক ৩ কোটি ২৪ লাখ টাকার সমান।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। তার মাসিক আয় ২৩ লাখ ৮০ হাজার টাকা এবং বার্ষিক ২ কোটি ৮৬ লাখ টাকা। পঞ্চম স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান মাসিক ২১ লাখ ৩০ হাজার টাকা এবং বছরে ২ কোটি ৫৬ লাখ টাকা পেয়েছেন।

ষষ্ঠ স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংকটির এমডি সোহাইল আর. কে. হুসেইন মাসে ২০ লাখ ২০ হাজার টাকা এবং বছরে ২ কোটি ৪৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

এরপর রয়েছে প্রাইম ব্যাংকের সাবেক এমডি হাসান ও. রশিদ। তিনি মাসিক ১৭ লাখ ১০ হাজার টাকা এবং বছরে ২ কোটি ৬ লাখ টাকা পেয়েছেন।

অষ্টম স্থানে থাকা এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিনের মাসিক পারিশ্রমিক ১২ লাখ ৮০ হাজার টাকা। নবম স্থানে থাকা পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলীর মাসিক আয় ১২ লাখ ৬০ হাজার টাকা। আর দশম স্থানে থাকা ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ মাসিক ১০ লাখ টাকা এবং বছরে ১ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক নির্ধারণে ব্যাংকের আকার, মুনাফা, ব্যবসার পরিধি, অভিজ্ঞতা এবং পরিচালনা পর্ষদের নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, তারল্য সংকট এবং মুনাফার ওপর চাপের মধ্যে শীর্ষ নির্বাহীদের উচ্চ পারিশ্রমিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রকাশিত পরিসংখ্যানে মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, বিভিন্ন ভাতা, উৎসব ও কর্মদক্ষতা বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডে ব্যাংকের অবদান অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্যগুলো ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী থেকে নেওয়া হয়েছে।

city-bank
city-bank