হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হজ এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
রাজধানীর একটি হোটেলে বুধবার অনুষ্ঠিত ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’য় প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার, ব্যাংক এবং হজ এজেন্সিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও দক্ষ করে তুলতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, হজযাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবা চালুর মাধ্যমে হজসেবা আরও উন্নত করা হয়েছে। হজযাত্রার প্রতিটি ধাপে সর্বোচ্চ সহযোগিতা প্রদান এবং সেবার মান আরও উন্নত করতে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
মতবিনিময় সভায় হজযাত্রীদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।











