ঢাকা || ০৯ নভেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংকে রপ্তানির ডকুমেন্ট প্রসেসিং এক দিনে

ব্র্যাক ব্যাংকে রপ্তানির ডকুমেন্ট প্রসেসিং এক দিনে

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:০৪, ৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্লকচেইন প্রযুক্তি ও ইলেকট্রনিক বিল অব লেডিং ব্যবহার করে বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল এক্সপোর্ট ডকুমেন্টারি কালেকশন সম্পন্ন করেছে ব্যাংকটি। এর ফলে প্রচলিত পদ্ধতিতে রপ্তানি ডকুমেন্ট প্রসেসিংয়ে যেখানে ৪০ দিন পর্যন্ত সময় লাগত, সেখানে তা কমে এসেছে মাত্র এক দিনে।

গত ৫ নভেম্বর ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই লেনদেনে ব্র্যাক ব্যাংকের করপোরেট গ্রাহক এনএ জেড বাংলাদেশ যুক্তরাজ্যভিত্তিক ফ্যাশন রিটেইলার ম্যাটালানের কাছে তৈরি পোশাক রপ্তানি করে। এ ক্ষেত্রে বাংলাদেশে রেমিটিং ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এবং যুক্তরাজ্যে কালেক্টিং ব্যাংক হিসেবে লয়েডস ব্যাংক দায়িত্ব পালন করে।

লেনদেনটি সম্পন্ন করতে এনিজিওর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক বিল অব লেডিং ও ডিজিটাল প্রমিসরি নোটসহ প্রয়োজনীয় বাণিজ্যিক নথি তৈরি ও হস্তান্তর করা হয়। ডিজিটাল ট্রেড ওয়ার্কস পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে। এতে কাগজপত্র কুরিয়ারে পাঠানোর প্রয়োজন হয়নি।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে ব্যাংক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মূল বাণিজ্যিক নথি কুরিয়ারে পাঠাতে দীর্ঘ সময় লাগত। নতুন ব্যবস্থায় ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে নথি ইলেকট্রনিকভাবে আদান-প্রদান করা সম্ভব হয়েছে। ফলে ডকুমেন্ট হারিয়ে যাওয়া, বিলম্ব এবং অননুমোদিত পরিবর্তনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বেড়েছে।

তবে ৪০ দিন থেকে এক দিনে নেমে আসার বিষয়টি মূলত ডকুমেন্ট প্রসেসিংয়ের সময়ের ক্ষেত্রে প্রযোজ্য; পুরো রপ্তানি কার্যক্রম বা অর্থপ্রাপ্তির সময় নয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রযুক্তির ব্যবহারে বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের সময় কমানোর পাশাপাশি রপ্তানিকারকদের ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব। এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্যে ইলেকট্রনিক নথির ব্যবহার বাড়লে পরিচালন ব্যয় কমবে, নগদ অর্থপ্রবাহের ব্যবস্থাপনা উন্নত হবে এবং সরবরাহব্যবস্থায় দক্ষতা বাড়বে। বিশেষ করে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে এ ধরনের প্রযুক্তির বিস্তার আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে লেনদেন আরও দ্রুত ও নির্ভরযোগ্য করতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত উদ্যোগ ও প্রযোজ্য নিয়ন্ত্রক কাঠামোর আওতায় সম্পন্ন এ লেনদেনকে দেশের আন্তর্জাতিক বাণিজ্যে কাগজবিহীন ব্যবস্থা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ব্র্যাক ব্যাংক।