ঢাকা || ০৯ নভেম্বর ২০২৬

অগ্রণী ব্যাংকে জমা টাকার অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক

অগ্রণী ব্যাংকে জমা টাকার অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:২২, ৮ নভেম্বর ২০২৬

অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। নিয়ম মেনে টাকা জমা রাখার পরও অনেক গ্রাহকের ব্যাংক হিসাবে জমার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না তাঁরা।

আমানতের অর্থ ফেরত ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। বেলা দুইটায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী। এ ঘটনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও লিখিত আবেদন করেছেন তাঁরা।

আবেদনে বলা হয়, শাখাটিতে আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বহু গ্রাহক তাঁদের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন ব্যাংকে জমা রেখেছিলেন। কিন্তু আমানতের অর্থ ফেরত না পাওয়ায় তাঁদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

টাকা জমার বার্তা এলেও ব্যাংকে হিসাব নেই

মানববন্ধন শেষে জাফরিন আলম বলেন, তাঁরা যথাযথ নিয়ম মেনেই শ্রীনগর শাখায় টাকা জমা রেখেছেন। কিন্তু এখন টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নামে কোনো হিসাব থাকার তথ্য পাচ্ছে না।

তিনি বলেন, নিজের হিসাবে প্রথম দফায় ১০ লাখ টাকা জমা দেওয়ার পর মোবাইলে জমার বার্তা পেয়েছেন। পরে আরও পাঁচ লাখ টাকা জমা দিলেও কোনো বার্তা আসেনি। বিষয়টি জানতে ব্যাংকে গেলে সফটওয়্যারের সমস্যার কথা জানানো হয়। তাঁর মতো আরও অনেক গ্রাহক একই পরিস্থিতিতে পড়েছেন।

ব্যাংকটির আরেক গ্রাহক ফারহানা আলম জানান, তিনি দুই দফায় তিন লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করেছিলেন। জমার রসিদ থাকলেও এখন টাকা ফেরত পাচ্ছেন না। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের সঙ্গে যোগাযোগ করেও সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি।

সাত দফা দাবি গ্রাহকদের

মানববন্ধনে ভুক্তভোগীরা শাখাটির আর্থিক অনিয়ম ও জালিয়াতির ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির সঠিক তালিকা তৈরির দাবি করেন তাঁরা।

বৈধ ও প্রমাণিত আমানতের অর্থ দ্রুত ফেরত দেওয়া এবং অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঘটনাটি দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে মামলা করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে টাকা জমা দেওয়ার সত্যতা যাচাই করতে হবে। বর্তমানে সেই যাচাইয়ের কাজ চলছে।