ঢাকা || ০৩ এপ্রিল ২০২৬

থার্ড টার্মিনাল পরিচালনায় বাংলাদেশ–জাপান বৈঠক চূড়ান্ত চুক্তির আশা

থার্ড টার্মিনাল পরিচালনায় বাংলাদেশ–জাপান বৈঠক চূড়ান্ত চুক্তির আশা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৪০, ৩ এপ্রিল ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দীর্ঘদিনের স্থগিত চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশ ও জাপান দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক করেছে। এতে চুক্তি সম্পাদনের পথে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক বৈঠকে অংশ নেন।

জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী নাকায়ামা রিয়েকো।

বৈঠকে তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনার অপারেশনাল ও আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাকি থাকা বিষয়গুলো সমাধান করে একটি গ্রহণযোগ্য চুক্তির দিকে এগোতে আগ্রহ প্রকাশ করে।

এর আগে গত ১৩ মার্চ একই বিষয়ে এক বৈঠকে বাংলাদেশ জাপানকে দ্রুত সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানায়। পরবর্তীতে জাপানি কনসোর্টিয়াম সার্ভিস চার্জ, পরিচালন নিয়ন্ত্রণ এবং রাজস্ব বণ্টন সংক্রান্ত প্রস্তাব পুনর্বিন্যাস করে বাংলাদেশের উদ্বেগগুলো সমাধানের চেষ্টা করেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সর্বশেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী সপ্তাহেই চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা ও পরিচালন কাঠামো নিয়ে জটিলতার কারণে তৃতীয় টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। তবে চলমান আলোচনা সফল হলে শিগগিরই এটি চালু হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

city-bank
city-bank