ঢাকা || ০৭ জুন ২০২৬

গৃহঋণ সহজ করতে বন্ডভিত্তিক অর্থায়নের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

গৃহঋণ সহজ করতে বন্ডভিত্তিক অর্থায়নের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:২৪, ৭ জুন ২০২৬

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ আরও সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

৭ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় আবাসন খাতকে গতিশীল করতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর দাবি জানায় সংগঠনটি।

বৈঠকে ড. আলী আফজাল বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের বিকাশ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা জরুরি। এ জন্য স্বল্পসুদের হাউজিং ঋণ সুবিধা সম্প্রসারণের বিকল্প নেই। এতে রাজধানীর বাইরে বসবাসে মানুষের আগ্রহ বাড়বে এবং সুষম নগরায়ণ ত্বরান্বিত হবে।

জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় আবাসন ঋণের সুদের হার অন্যান্য অনেক খাতের ঋণের তুলনায় কম থাকে। বর্তমানে অনেক ক্ষেত্রে হাউজিং ঋণের সুদের হার অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে নতুন অর্থায়নের উৎস তৈরি হবে এবং গৃহঋণ প্রাপ্তি আরও সহজ হবে।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

সভায় আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক ও রিহ্যাবের নেতারা।

city-bank
city-bank