ঢাকা || ২৫ এপ্রিল ২০২৬

নিউ ইয়র্কে ‘বাংলা নববর্ষ দিবস’ ঘোষণার প্রস্তাব পাস

নিউ ইয়র্কে ‘বাংলা নববর্ষ দিবস’ ঘোষণার প্রস্তাব পাস

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বাঙালি সংস্কৃতির স্বীকৃতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আলবেনিতে অবস্থিত নিউ ইর্য়ক স্টেট ক্যাপিটালে অনুষ্ঠিত অধিবেশনে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ দিবস’ হিসেবে ঘোষণার আহ্বান জানিয়ে একটি রেজুলেশন গৃহীত হয়েছে।

 নিউ ইয়র্ক স্টেট সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেন সিনেটর লুইস আর সেপুলভেদা, নাথালিয়া ফারনানদেজ ও টবি এস স্ট্যাভিস্কি। সিনেটর স্ট্যাভিস্কি বলেন, নিউ ইয়র্কে বাঙালিদের শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতিতে অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রেজুলেশন সেই অবদানের স্বীকৃতি।

রেজুলেশনে গভর্নর ক্যাথি হচুল ১৪ এপ্রিল তারিখকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা নববর্ষ দিবস’ ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। এতে বাংলা নববর্ষকে অসাম্প্রদায়িক ও বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলা ভাষাভাষীরা বিশ্বের অন্যতম বৃহৎ ভাষাগোষ্ঠী এবং নিউ ইয়র্কে তাদের শক্তিশালী সাংস্কৃতিক উপস্থিতি রয়েছে। বিশেষভাবে মুক্তধারা ফাউন্ডেশনের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বাংলা উৎসব আয়োজনের ভূমিকাও স্বীকৃতি পেয়েছে।

রেজুলেশন পাসের পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ও মুক্তধারা ফাউন্ডেশন প্রবাসে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন ১১ ও ১২ এপ্রিল টাইম স্কয়ার ও জ্যাকসন হাইটস-এ শুরু হয়ে ২২ এপ্রিল আলবেনিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এই রেজুলেশন গৃহীত হওয়ার মধ্য দিয়ে বাংলা নববর্ষ নিউ ইয়র্কে একটি আনুষ্ঠানিক সাংস্কৃতিক দিবস হিসেবে প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি অর্জন করল।

city-bank
city-bank