আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আজ রাত ১২টা থেকে এসব বিধিনিষেধ কার্যকর হবে এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট ৯৬ ঘণ্টা) বহাল থাকবে।
এই সময়ে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সীমিত করা হয়েছে। প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে।
এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধসহ নিয়মিত বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনী সময়ে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন ছাড়া এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য সেবাও উল্লিখিত সময়ের মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সময়ে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে। নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনকালীন সময়ে এমএফএস ও ব্যাংকিং লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে হবে।













