ঢাকা || ০৫ আগস্ট ২০২৬

এক মিনিটেই আন্তঃদেশীয় পেমেন্ট, বিশ্বে প্রথম সিটি ব্যাংক

সুইফটের নতুন রিটেল পেমেন্ট ব্যবস্থায় প্রেরণ ও গ্রহণ—দুই ভূমিকাতেই সাফল্য

এক মিনিটেই আন্তঃদেশীয় পেমেন্ট, বিশ্বে প্রথম সিটি ব্যাংক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:১১, ৫ আগস্ট ২০২৬

আন্তঃদেশীয় অর্থ লেনদেনের প্রচলিত দীর্ঘসূত্রতা ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছে সিটি ব্যাংক। সুইফটের (SWIFT) নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থার আওতায় অর্থ প্রেরণকারী ও অর্থ গ্রহণকারী—দুই ভূমিকাতেই সফলভাবে লেনদেন সম্পন্ন করে বিশ্বে প্রথম হওয়ার দাবি করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। ব্যাংকটির প্রথম লেনদেন সম্পন্ন হয়েছে মাত্র ১ মিনিটে, আর দ্বিতীয়টি মাত্র ৫৭ সেকেন্ডে।

বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফটের নতুন ‘সুইফট স্কিম’-এ যুক্ত হয় সিটি ব্যাংক। জুনে বিশ্বজুড়ে এ সেবা চালুর পর ২২ জুন নিজেদের প্রথম দুটি আন্তঃদেশীয় রিটেল পেমেন্ট সফলভাবে সম্পন্ন করে ব্যাংকটি। পরদিন ২৩ জুন ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ হিসেবে সমন্বয় করে ভারত থেকে আসা একটি পেমেন্ট বাংলাদেশের আরেকটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে সিটি ব্যাংক।

আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় সাধারণত একাধিক মধ্যস্থতাকারী ব্যাংক, বিভিন্ন দেশের প্রক্রিয়াকরণ সময়, নিয়ন্ত্রণমূলক জটিলতা এবং মধ্যস্থতাকারীদের ফি-এর কারণে অর্থ স্থানান্তরে সময় ও ব্যয় দুটিই বেড়ে যায়। অনেক ক্ষেত্রে প্রেরকের পাঠানো অর্থের পুরোটা প্রাপকের হাতে পৌঁছায় না। নতুন সুইফট স্কিম এসব সীমাবদ্ধতা কমিয়ে ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসার জন্য আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকে আরও দ্রুত, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে।

নতুন ব্যবস্থায় লেনদেনের পূর্ণ মূল্য প্রাপকের কাছে পৌঁছানো, লেনদেনের আগে সম্ভাব্য খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা, অর্থ স্থানান্তরের পুরো প্রক্রিয়া ট্র্যাক করার সুবিধা এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে রেমিট্যান্স, ক্ষুদ্র ব্যবসার আন্তর্জাতিক লেনদেন এবং ব্যক্তিগত অর্থ স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুইফটের এ উদ্যোগে ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ব্যাংক যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সিটি ব্যাংকের এ অর্জনকে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে সুইফট ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের সিইও ও রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী এবং সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অপির্তা ঘোষসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের এ সাফল্য দেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক পেমেন্ট অবকাঠামোর সঙ্গে দ্রুততর সংযোগের সক্ষমতা তুলে ধরেছে। বিশেষ করে বিশ্বব্যাপী রিটেল ক্রস-বর্ডার পেমেন্টকে দ্রুত, কম খরচে ও আরও স্বচ্ছ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের একটি ব্যাংকের প্রথম সারিতে থাকা দেশের ব্যাংকিং খাতের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।