নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা ও ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে ব্যক্তিগত ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা দেশীয় ব্যবহারের ক্ষেত্রে ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
একই সঙ্গে জামানতবিহীন ক্রেডিট কার্ড ঋণের সীমাও দ্বিগুণ করে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০ লাখ টাকা।
রোববার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্রেডিট কার্ড ব্যবস্থাপনা আধুনিক করা এবং নগদবিহীন লেনদেন সম্প্রসারণের লক্ষ্যেই নতুন এই বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো এখন থেকে গ্রাহকের যোগ্যতা নির্ধারণ এবং ক্রেডিট সীমা নির্ধারণের ক্ষেত্রে আরও স্পষ্ট মানদণ্ড অনুসরণ করবে।
একই সঙ্গে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতার ওপর কঠোর নজরদারি রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে দৈনন্দিন কেনাকাটা, অনলাইন লেনদেন এবং বিল পরিশোধে ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে।
এই বাস্তবতায় খাতটিতে উদ্ভূত বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবস্থাপনা আধুনিক করতে আগের বিভিন্ন সার্কুলার একত্র করে একটি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হয়েছে।
নতুন নীতিমালায় সুদের হার, বিভিন্ন ফি, বিলিং পদ্ধতি এবং বকেয়া আদায়ের নিয়ম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা যুক্ত করা হয়েছে, যাতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে বিরোধ কমে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়ে।
এছাড়া নিরাপত্তা জোরদারে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা, জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করা এবং কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ডাটা সুরক্ষার বিষয়েও নতুন নির্দেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, গ্রাহক অভিযোগ, পরিচালনাগত অনিয়ম, জালিয়াতির ঘটনা এবং পেমেন্ট নিষ্পত্তির জটিলতা পর্যালোচনার পরই এই সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে।













