ঢাকা || ০৩ এপ্রিল ২০২৬

জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা

জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৩৩, ৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত সহায়তা দিতে সিটি ব্যাংক পিএলসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে গ্রিন বন্ড ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করতে চায় সিটি ব্যাংক। এ লক্ষ্যে ইউএনডিপি ব্যাংকটিকে গ্রিন বন্ড ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, “সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছে। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস উন্মোচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংকের সঙ্গে এই যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সঙ্গে দেশের নিজস্ব সম্ভাবনা ও প্রয়োজনের মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিশেষজ্ঞদের মতে, এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর জন্য একটি মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন এগিয়ে নেওয়া এবং দেশের জলবায়ু অগ্রাধিকারসমূহকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব ব্যাংকটির পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা আরও শক্তিশালী করবে এবং একটি টেকসই আর্থিক ইকোসিস্টেম গঠনে সহায়তা করবে।

city-bank
city-bank