ঢাকা || ১৪ নভেম্বর ২০২৬

সৌদি বিনিয়োগে সাড়া নেই, ঝুঁকিতে সম্মিলিত ইসলামী ব্যাংক

সৌদি বিনিয়োগে সাড়া নেই, ঝুঁকিতে সম্মিলিত ইসলামী ব্যাংক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১১:৩১, ১৪ নভেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে সৌদি আরবের বিনিয়োগ আকৃষ্ট করার সরকারি উদ্যোগ এখনো সাড়া পায়নি। ব্যাংকটির সম্পদের মান, খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতিসহ বিভিন্ন আর্থিক দুর্বলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছে সৌদি আরবের সম্ভাব্য বিনিয়োগকারীরা। ফলে দেশটির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এখন পর্যন্ত নতুন এ ব্যাংকে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়। এরপর বিষয়টি দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে উপস্থাপন করা হয়। তবে সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বিনিয়োগকারীর কাছ থেকে আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে ব্যাংকটিতে বিদেশি বিনিয়োগ আনতে উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে কৌশলগত বিনিয়োগের পথ তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সৌদি আরবের সম্ভাব্য কৌশলগত বিনিয়োগ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ ছিল সভার মূল উদ্দেশ্য।

সূত্র জানায়, সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, সৌদি আরব সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের সম্ভাবনা প্রাথমিকভাবে মূল্যায়ন করেছে। বাংলাদেশের বাজারের আকার, ইসলামী ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি, সরকারের সহায়তা এবং ব্যাংকটির পুনঃমূলধনীকরণের বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করেছে দেশটি। সৌদি কর্তৃপক্ষের পাঠানো চিঠির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।

তবে একই সঙ্গে কয়েকটি ঝুঁকিও চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে একীভূত হওয়া ব্যাংকগুলো থেকে হস্তান্তরিত সম্পদের মান, খেলাপি ঋণ, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, মূলধন ঘাটতি, করপোরেট সুশাসন, ব্যবস্থাপনা এবং ব্যাংকটির প্রকৃত আর্থিক মূল্যায়ন।

সভায় ব্যাংকটির সম্পদ ও দায় পর্যালোচনা, খেলাপি ঋণের পরিমাণ, প্রভিশন সংরক্ষণ, মূলধন পর্যাপ্ততা এবং প্রকৃত আর্থিক মূল্য নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, শেয়ারহোল্ডিং কাঠামো, বিনিয়োগের শর্ত এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রক শর্ত, অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শুক্রবার টেলিফোনে যোগাযোগ করা হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক মন্তব্য করতে রাজি হননি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গত বছরের নভেম্বরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাঁচটি বেসরকারি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।

ব্যাংকগুলো থেকে ব্যাপক অর্থ লুটপাটের পর তাদের ঋণের প্রায় ৭৭ শতাংশ খেলাপি হয়ে পড়ে। খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা। এসব ব্যাংকের তৎকালীন মালিকদের মধ্যে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের প্রভাব ছিল।

নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইকুইটি হিসেবে ২০ হাজার কোটি টাকা দিয়েছে।

ব্যাংকটিকে আর্থিকভাবে ঘুরে দাঁড় করাতে এখন বিদেশি বিনিয়োগের সন্ধান করছে সরকার। এ লক্ষ্যে কাতার ও সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য আগ্রহী মুসলিম দেশের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

গত আগস্টে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছিলেন, ‘আমরা ব্যাংকটির মালিকানা ছেড়ে দিতে চাই।’