ঢাকা || ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী আয় বেড়েছে, প্রথম ৯ দিনে এসেছে ১১৩ কোটি ডলার

নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী আয় বেড়েছে, প্রথম ৯ দিনে এসেছে ১১৩ কোটি ডলার

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১৫:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন সামনে রেখে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। নির্বাচনকে ঘিরে টানা দুই মাস ধরে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা চলতি মাসেও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা মোট ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৯৬০ কোটি টাকা।

গত বছরের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ৮৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার। এর আগের মাস ডিসেম্বরে এই অঙ্ক ছিল ৩২২ কোটি ডলার। তবে তার আগে টানা পাঁচ মাস তিন বিলিয়ন ডলারের কম প্রবাসী আয় দেশে এসেছিল।

একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দেশে দুই ঈদের আগে প্রবাসী আয় বাড়ে। তবে বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করেই মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেসব দেশ থেকেই বেশি প্রবাসী আয় আসছে। পাশাপাশি অনেক প্রার্থীর জন্য বিদেশে তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে বলেও জানিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে ৩ হাজার ২৮২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই অঙ্ক কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান।

২০২৫ সালে প্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকায় ডলারের বড় কোনো সংকট দেখা যায়নি। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বছরজুড়েই বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।