ঢাকা || ২৪ জুলাই ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সুশাসন ও ঋণ আদায়ে জোরদারের নির্দেশ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সুশাসন ও ঋণ আদায়ে জোরদারের নির্দেশ

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১১:৪২, ২৪ জুলাই ২০২৬

বেসরকারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে তিনি ব্যাংকটির সুশাসন নিশ্চিত, ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং পরিচালনায় পূর্ণাঙ্গ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে গভর্নরের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান সেলিম রহমানসহ পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গত ১৫ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে পুরোনো শেয়ারধারী উদ্যোক্তাদের ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালকও বহাল রাখা হয়েছে। নতুন করে ১৪ জন উদ্যোক্তা পরিচালক নিয়োগের মাধ্যমে বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। পরে তাদের মধ্য থেকেই চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির প্রধান নির্বাচিত করা হয়।

সূত্র আরও জানায়, বর্তমানে শেয়ারধারী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে ব্যাংকটি পরিচালিত হচ্ছে। পাশাপাশি ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের একজন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। পুনর্গঠিত পর্ষদের সদস্যদের সঙ্গে কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়মনীতি মেনে ব্যাংক পরিচালনা, সুশাসন নিশ্চিত এবং খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, "আমি সুশাসনের বিষয়টি তদারকি করছি। নির্বাহী কমিটির চেয়ারম্যান ঋণ আদায় ও নতুন বিনিয়োগের বিষয়টি দেখছেন। ব্যাংকের প্রতিটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকছেন। ফলে পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং নতুন করে কোনো অনিয়মের সুযোগ থাকবে না।"

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই আবদুস সালাম। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের স্বতন্ত্র পর্ষদ গঠন করে। প্রায় দুই বছর সেই পর্ষদ ব্যাংকটি পরিচালনা করে। সর্বশেষ পুনর্গঠনের মাধ্যমে কেডিএস গ্রুপসহ উদ্যোক্তা-শেয়ারধারীদের প্রতিনিধিরা আবারও ব্যাংকটির পরিচালনায় যুক্ত হয়েছেন।