দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমা দাবির অর্থ পরিশোধে উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দ্বিতীয় দফায় পাঁচ জীবনবিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ গ্রাহককে ২৩ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা পরিশোধ করা হবে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় আইডিআরএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব দাবির চেক তুলে দেওয়া হবে।
আইডিআরএ সূত্রে জানা যায়, এবার পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ৩ হাজার ৬০০ গ্রাহক পাবেন ১২ কোটি টাকা। হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের ১ হাজার ১৪৫ গ্রাহককে দেওয়া হবে ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ৫৮০ গ্রাহক পাবেন ৫ কোটি টাকা। এ ছাড়া সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্সের ৩০০ গ্রাহক ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইনস্যুরেন্সের ২৪৩ গ্রাহক ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পাবেন।
এর আগে প্রথম দফায় সাত জীবনবিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের প্রায় সাড়ে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করা হয়। ওই তালিকায় থাকা বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ ও সানফ্লাওয়ার লাইফের মধ্যে চারটি কোম্পানির গ্রাহক এবারও অর্থ ফেরত পাচ্ছেন।
আইডিআরএ জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দ্বিতীয় দফার দাবিগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বৈধ দাবি পরিশোধ না হওয়ায় গ্রাহকদের মধ্যে জীবনবিমা খাত সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়েছে। সেই আস্থা পুনর্গঠনের অংশ হিসেবেই আটকে থাকা দাবিগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।
দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪১৭ জন গ্রাহকের প্রায় ৩৭ কোটি ৫৩ লাখ টাকা বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আইডিআরএ বলছে, গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া দাবি নিষ্পত্তির পাশাপাশি জীবনবিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এদিকে আজ দুপুরে প্রথমবারের মতো আইডিআরএ কার্যালয় পরিদর্শন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।















