ঢাকা || ০৪ সেপ্টেম্বর ২০২৬

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নেতৃত্বে পরিবর্তন, এমডিদের চুক্তি বাতিল

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নেতৃত্বে পরিবর্তন, এমডিদের চুক্তি বাতিল

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০৮:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মধ্যে তিনটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো—অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংক।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক চিঠি দিয়ে সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে এ সিদ্ধান্ত জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীমউদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতি রয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এখন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানায়, তিন ব্যাংকেই নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই নতুন এমডি নিয়োগ দেওয়া হতে পারে।

এদিকে এমডিদের চুক্তির মেয়াদ বাতিলের পাশাপাশি সম্প্রতি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও পরিবর্তন এনেছে সরকার। এসব ব্যাংকের ১০ পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আবার কয়েকজন সরকারপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়েছে। এর বিপরীতে নতুন করে ১৫ জনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনতা ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস ও কাওছার আলম। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, হিসাববিদ খন্দকার মামুন এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার।

অগ্রণী ব্যাংক থেকে সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক, ফয়েজ আহমেদ ও মোহাম্মদ সুলতান মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, সাবেক সচিব ফজলুল বারী, সাবেক ব্যাংকার মো. আসাদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি আবুল এহতেশাম আবদুল মোহায়মেন।

রূপালী ব্যাংক থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া। শূন্য পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, শফিকুল আলম ও হিসাববিদ মীর সাজেদ উল বাসার।

বেসিক ব্যাংক থেকে সাবেক অতিরিক্ত সচিব মুন্সী আবদুল আহাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, মো. লুৎফুর রহমান ও খাইরুল কবির।

বিডিবিএল থেকে মাহবুবুন নাহার, আবদুল মজিদ ও শাহ আলম মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় নিয়োগ পেয়েছেন নূরুন্নাহার ওসমানী ও আবিদ হোসেন খান।