অনলাইনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দু’দিনব্যাপী সেমিনার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘ম্যানেজিং এমএল ও টিএফ রিস্কস্ ইনভল্ভিং অনলাইন কানেক্টিভিটি’ থিমে আয়োজিত এবারের অর্ধবার্ষিক সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল অনলাইন কানেক্টিভিটি কেন্দ্রিক কমপ্লায়েন্স জোরদার করার মাধ্যমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা।
সেমিনারে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আলোকে অনলাইন জুয়া ও বেটিং, ভার্চুয়াল অ্যাসেট (ভিএ)-এর অবৈধ লেনদেন এবং অনলাইন কানেক্টিভিটি কেন্দ্রিক মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, আর্থিক সেবার নিরাপত্তা নিশ্চিতে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেল, বাড়তি নজরদারি এবং সময়মতো নিয়ন্ত্রক সংস্থাকে রিপোর্ট করার ওপর গুরুত্ব দেয়া হয়। এসময় আগামী বছরগুলোতেও গ্রাহক ও অংশীজনদের জন্য বিকাশ-এর সব কার্যক্রমে কমপ্লায়েন্স ও নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্প্রতি আয়োজিত দু’দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম, এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেমিনারটিতে বিকাশ-এর ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের এএমএল-সিএফটি কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করে দেশের বিভিন্ন অঞ্চলে বিকাশ-এর কমপ্লায়েন্স টিম নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিতে মাঠ পর্যায়ের এজেন্ট, মার্চেন্ট, ডিস্ট্রিবিউটর সহ গ্রাহকদের নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
উল্লেখ্য, বিকাশ বিশেষ কাস্টমাইজড কমপ্লায়েন্স টুল ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সল্যুশন’ ও স্ক্রিনিং ইনটেলিজেন্স সিস্টেম (এসআইএস) - এর মাধ্যমে যেকোনো ধরনের কমপ্লায়েন্স-বহির্ভূত লেনদেন শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।













