ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে বিকাশে ‘অ্যাড মানি’ সেবাকে আরও নিরাপদ করতে নতুন ফিচার চালু করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। নতুন ব্যবস্থায় কোনো কার্ড থেকে প্রথমবার অ্যাড মানি করার আগে কার্ডটি বিকাশ অ্যাপে সেভ করতে হবে। এ সময় গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে হবে লাইভ সেলফির মাধ্যমে বায়োমেট্রিক যাচাইয়ে।
বিকাশ জানিয়েছে, ইতিমধ্যে অ্যাপে সেভ করা কার্ডের ক্ষেত্রে নতুন এ প্রক্রিয়া প্রযোজ্য হবে না। তবে নতুন কোনো কার্ড প্রথমবার সেভ করার সময় গ্রাহককে বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবির সঙ্গে লাইভ সেলফি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।
কার্ড সেভ করার প্রক্রিয়ায় গ্রাহককে ৫০০ টাকার একটি অ্যাড মানি লেনদেনও সম্পন্ন করতে হবে। প্রথমবার অ্যাড মানি করার ২৪ ঘণ্টা পর থেকে সেভ করা কার্ড দিয়ে নিয়মিত অ্যাড মানি সেবা ব্যবহার করা যাবে। একজন গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচটি কার্ড সেভ করতে পারবেন।
কার্ড থেকে বিকাশে অ্যাড মানি সেবার মাধ্যমে গ্রাহকেরা দিন-রাত যেকোনো সময় ঘরে বসেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে টাকা যোগ করতে পারেন। ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে তাৎক্ষণিকভাবে টাকা এনে অনলাইন ও অফলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, সঞ্চয় এবং বিমার প্রিমিয়ামসহ বিকাশের বিভিন্ন সেবা ব্যবহার করা যায়।
ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে গ্রাহকের পরিচয় যাচাই ও কার্ড ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা স্তর যুক্ত করেছে বিকাশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকের লেনদেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা ধারাবাহিকভাবে উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে বিনিয়োগ করছে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। নতুন ফিচারগুলো ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করার পাশাপাশি গ্রাহকদের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছে বিকাশ।














