ঢাকা || ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিমা খাতে ক্যাশলেস লেনদেন চালুর আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের

বিমা খাতে ক্যাশলেস লেনদেন চালুর আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের

ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আইডিআরএর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বিমা ম্যানুয়াল উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিমা খাতে নগদ লেনদেন বন্ধ করে ক্যাশলেস ব্যবস্থায় যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বিমা প্রিমিয়াম জমা দিতে হবে ব্যাংকের মাধ্যমে এবং এ বিষয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন করবে।

সোমবার ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আইডিআরএর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বিমা ম্যানুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, স্বল্পমেয়াদি লাভের চিন্তা করতে গিয়ে বিমা খাত পথ হারিয়েছে। এখন এ খাতকে একটি উৎপাদনশীল খাতে রূপান্তর করা হবে। নগদ লেনদেন কমানো গেলে রাজস্ব আদায় বাড়বে এবং এতে সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি বলেন, বিমা খাতে সুশাসন কার্যকরভাবে বাস্তবায়ন করা না গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ব্যাংক খাত থেকে সহায়তা দেওয়া হবে, তবে সুশাসনসংক্রান্ত শর্ত মানতে হবে। নিয়ন্ত্রক সংস্থা, বিমা কোম্পানি ও সংশ্লিষ্ট সবারই দায়িত্ব রয়েছে।

গভর্নর আরও বলেন, অনেক ক্ষেত্রে বিনিয়োগ ও প্রিমিয়াম সংগ্রহ করা হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করা যায়নি। এর অন্যতম কারণ হলো অপর্যাপ্ত ও দুর্বল তহবিল ব্যবস্থাপনা। তহবিল সঠিকভাবে পরিচালনা করতে না পারলে বিমা খাতের প্রতি মানুষের আস্থা ফিরবে না।

অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান এম আসলাম আলম বলেন, ডিজিটাল বিমা ম্যানুয়ালের মাধ্যমে বিমা খাতের আইন, বিধি ও প্রক্রিয়া সহজে অনুসরণ করা যাবে। তিনি বলেন, আইনি, ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন হলে আগামী পাঁচ বছরের মধ্যে বিমা খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি বি এম ইউসুফ আলী বলেন, বিমা কোম্পানিগুলোর অর্থ ব্যাংকে জমা থাকলেও যেন অর্থের অভাবে বিমা দাবি পরিশোধে ব্যর্থ হতে না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহসভাপতি কাজী সাখাওয়াত হোসেন বলেন, ডিজিটাল বিমা ম্যানুয়ালটি বিমা ব্যবসার সঙ্গে যুক্ত সবার জন্য কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

city-bank
city-bank