প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রতিষ্ঠাবার্ষিকীতে কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে প্রায় ২৫৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে তারা। একই সঙ্গে যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনালী লাইফ মোট ৪০৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। একই বছরে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে নবায়ন প্রিমিয়াম আয় ছিল ৫৪১ কোটি ২৯ লাখ টাকা।
২০২৫ সালের আর্থিক তথ্যের ভিত্তিতে মোট প্রিমিয়াম আয়ের দিক থেকে দেশের ৩৬টি লাইফ বীমা কোম্পানির মধ্যে সোনালী লাইফ পঞ্চম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই হিসাবে লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম এবং বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে কোম্পানিটি।
সোনালী লাইফের দাবি, চতুর্থ প্রজন্মের লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড ও বিনিয়োগ—এই চার সূচকেই তারা শীর্ষ অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, গত ১৩ বছরে গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সোনালী লাইফ দেশের লাইফ বীমা খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে স্বচ্ছতা, দ্রুত দাবি পরিশোধ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি বিশ্বস্ত লাইফ বীমা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে চান তারা।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একজন গ্রাহক বা তাঁর পরিবার প্রয়োজনের সময়ে দ্রুত দাবি অর্থ হাতে পেলেই লাইফ বীমার প্রকৃত মূল্য পাওয়া যায়। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে দাবি পরিশোধ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সোনালী লাইফ জানিয়েছে, সামনে প্রযুক্তিনির্ভর সেবার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।














